লালমনিরহাটে দুলাল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাটে দুলাল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় ২০১১ সালে আলোচিত আসাদুল ইসলাম দুলাল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মূল আসামি মামুনুর রশীদ ওরফে সুমনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৬জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২’র বিচারক এস. এম. শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ সুমন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের রায়ে খালাস প্রাপ্তরা হলেন- মো: শাহিন ওরফে পিচ্ছি শাহিন, মো: ফরিদুল ইসলাম ওরফে ভুট্টু, মো: নূর আলম, মো: লিটন মিয়া, মো: রবিউল ইসলাম, মো: হাফিজুল ইসলাম। রায় ঘোষণার পর তাদের জামিনদারদের জামিনের দায় হতে অবিলম্বে অব্যাহতি প্রদানের আদেশ দেন আদালত।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পাটগ্রাম উপজেলার উত্তরমারী বুড়িমারী এলাকায় নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনার পরদিন নিহতের বাবা মফিজাল হোসেন প্রধান বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধারালো অস্ত্রের আঘাতে শ্বাসনালী ও ডান পাশের প্রধান রক্তবাহী ধমনী কেটে অতিরিক্ত রক্তক্ষরণে দুলালের তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত করা হয়েছিল। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এড. মো: গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করে জানান, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত মামুনুর রশীদ সুমনকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176241