জয়পুরহাটের পাঁচবিবিতে ২০৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২০৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আতাউল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় উপজেলায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
সেই ধারাবাহিকতায় ধৃত আসামির বাড়ি তল্লাশিকালে ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ২০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামি আতাউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176220