‘মেসি নয়, পুরো আর্জেন্টিনাকে নিয়েই ভাবছে ইংল্যান্ড’
স্পোর্টস ডেস্ক : আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ—বেঞ্জ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে থমাস টুখেলের দল। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ইংল্যান্ডের সামনে।
কিন্তু সেই পথে সবচেয়ে বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনাকে হারানোটা বেশ কঠিন সেটা জানেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার বিশ্বাস, উত্তেজনাপূর্ণ ম্যাচেও ইংল্যান্ডের খেলোয়াড়রা মাথা ঠান্ডা রাখবে এবং আবেগে ভেসে যাবে না। ১৯৯৮ বিশ্বকাপে দিয়েগো সিমিওনেকে ফাউল করে ডেভিড বেকহামের লাল কার্ডের ঘটনা কিংবা দুই দলের পুরোনো বৈরিতার কথা সামনে এলেও পিকফোর্ড জানিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই এমন পরিস্থিতিতে জড়াতে চান না।
তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টেই আপনারা দেখেছেন, আমরা ট্যাকল জেতার চেষ্টা করেছি, কিন্তু কোনো ঝামেলা বা হাতাহাতিতে জড়াইনি। আমরা মাঠে সম্মান বজায় রেখেছি। কোনো সিদ্ধান্ত আমাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক, আমরা আবার মনোযোগ ফিরিয়ে আনি এবং ফুটবল দিয়েই জবাব দিই।’ শৃঙ্খলার বিষয়টিও তুলে ধরেন পিকফোর্ড, ‘জ্যারেল কোয়ানসাহর লাল কার্ড ছাড়া আমাদের আর কোনো নিষেধাজ্ঞা হয়নি। দ্বিতীয় হলুদ কার্ডও কেউ দেখেনি। এটা আমাদের মানসিকতারই প্রমাণ। আমরা এসব বিষয়ে জড়িয়ে পড়ি না। আমরা মনোযোগ ধরে রাখি এবং একসঙ্গে থাকি।’
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। আট গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে। তবে পিকফোর্ড মনে করেন, শুধু মেসিকে নিয়েই ভাবলে ভুল হবে, ‘মেসিকে নিয়েই সবাই কথা বলবে, কারণ সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। কিন্তু আমাদের দলেও যে প্রতিভা আছে, সেটা ভুলে গেলে চলবে না। আক্রমণ, রক্ষণ, দলীয় ঐক্য সব দিক থেকেই আমরা শক্তিশালী।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা শুধু মেসিকে নিয়ে কথা বলতে পারি না। আর্জেন্টিনা খুব ভালো দল, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দলেও সামনে অনেক আক্রমণভাগের শক্তি আছে, আমাদের রক্ষণ ভাঙাও সহজ নয়। আমাদের দৃঢ়তা আছে, ঐক্য আছে এবং জয়ের মানসিকতা আছে। এটাই একটি ভালো দলকে আলাদা করে তোলে।’
দুই দলের অতীত ইতিহাস নিয়েও খুব একটা ভাবতে রাজি নন পিকফোর্ড। তার মতে, এখন শুধু বর্তমানটাই গুরুত্বপূর্ণ। ‘আমাদের পুরো মনোযোগ ইংল্যান্ডের ওপর। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে চাই, যাতে আরেকটি শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে যেতে পারি।’ শেষে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও জানান এই গোলরক্ষক, ‘৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা টাইব্রেকার যাই হোক না কেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। এটা আমাদের বিরুদ্ধে তাদের লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে, সেটাই দেখা যাবে।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176162