পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত বগি উদ্ধার, ৬ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা—পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ৬ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এর মাধ্যমে ৬ ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বিকাল ৪টার দিক ঈশ্বরদী—ঢাকা—পাবর্তীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176143