নেত্রকোনায় উপদাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে
টানা কয়েকদিনের বৃষ্টিতে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এর মধ্যে টানা দুই দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সোমেশ্বরীর শাখা উপদাখালী নদীর পানি।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার কলমাকান্দা উপজেলার ডাকবাংলা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি প্রধান নদীর মধ্যে দুটির পানি বেড়েছে। তবে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে হাওরাঞ্চলের ধনু ও কংস নদী এবং দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানির প্রবাহ কমতে শুরু করেছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ভারতের মেঘালয়ে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে জেলার নদ-নদীর পানি ধীরে ধীরে কমে আসবে।
এখনও জেলার কোথাও বন্যা বা জলাবদ্ধতার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে সোমবার সকাল থেকে জেলাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।