আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন । তিনি বলেন, দেশের সব মানুষ যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। ধর্ম নয়, মানবতার ভিত্তিতেই সবাইকে মূল্যায়ন করা হবে।
আজ সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরবর্তী চার বছরও এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলেই পরিবার ও সমাজ আরও শক্তিশালী হবে।
তারেক রহমান বলেন, দেশের সব মানুষ শান্তিতে ও সম্প্রীতির মধ্যে বসবাস করবেÑএটাই সরকারের লক্ষ্য। হিন্দু—মুসলিমসহ সব ধর্মের মানুষকে ধর্মীয় পরিচয়ে নয়, মানবতার দৃষ্টিতে বিবেচনা করা হবে। জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কোনো বাধাকেই পরোয়া করবে না বিএনপি।
এর আগে একই দিনে গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176034