বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (১৩ জুলাই) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত আসামির নামে থাকা এসব স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।
উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে ও দ্রুত সময়ে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় এই আদেশ দেয়া হয়।
সিআইডি জানিয়েছে, অনুসন্ধানকালে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় বাশারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। ওই মামলায় একই বছরের ১৪ জুলাই ধানমন্ডি থেকে বাশারকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলাটির প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ দিয়ে বড় স্ত্রীর নামে রাজধানীর ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা (ডোনা) নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট এবং নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট কেনেন।
এছাড়া রাজধানীর আজিজ সড়কে জি+৭ ও জি+৬ তলাবিশিষ্ট দুটি বাড়িসহ নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩ হাজার ৪৮২ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন, যার দলিলমূল্য প্রায় ৩৩ কোটি টাকা।
অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মো. খায়রুল বাশার বাহার নিজেকে একজন শিক্ষাবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও, অভিযোগ রয়েছে তিনি বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক নামের প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি তার নামে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তিরও সন্ধান করছে তদন্ত সংস্থা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/176029