বগুড়ার শেরপুরে দিনেদুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২০ ভরি সোনার গহনা লুট

বগুড়ার শেরপুরে দিনেদুপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২০ ভরি সোনার গহনা লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দিনের বেলায় বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র প্রায় ২০ ভরি সোনার গহনা ও ৫০ হাজার টাকা লুটে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় বিএনপি নেতার স্ত্রী শিক্ষিকা মাকসুরা বেগম বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আজ রোববার (১২ জুলাই) দুপুরে পৌরশহরের খেজুরতলা (খন্দকারপাড়া) এলাকায় এই চুরির ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে বাসায় তালা দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুরা বেগম স্কুলে যান। দুপুর ১২টার দিকে ৪র্থ তলার ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানান, তার বাসায় চুরি হয়েছে।

মাকসুরা বেগম জানান, খবর পেয়ে তিনি স্কুল থেকে বাসায় এসে দেখেন আলমারির ড্রয়ার ভাঙা সেখানে রক্ষিত তার নিজের, তার মায়ের ও আত্মীয়ের সোনার মালা, বালা, দুল, চেইন, ব্রেসলেট, আংটি, লকেটসহ প্রায় ২০ ভরি সোনার গহনা ও ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। তিনি আরো জানান, সাড়ে ১১টার দিকে ৪র্থ তলার ভাড়াটিয়া নিচে নামার সময় দেখেন ৩ তলার ফ্লাটের দরজার হ্যাজবোল্ট বাহির থেকে লাগানো।

এতে তার সন্দেহ হলে তিনি প্রতি তলায় একই অবস্থা দেখতে দেখতে ২য় তলার ওই ফ্লাটের দরজা খোলা দেখে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ভিতরে গিয়ে দেখতে পান সব কিছু এলোমেলো।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ মালামাল উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175991