বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো বগুড়াতেও বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও ওই দিন শনিবার সরকারি ছুটি হওয়ায় দিবসটি আজ রোববার (১২ জুলাই) সারাদেশে পালন করা হয়। এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।
দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বনানীস্থ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-ডেপুটি সিভিল সার্জন এসএম নূর-ই শাদীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান।
দিবসের প্রতিপাদ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক (সিসি) ডা. আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান নাজীর। অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিগত এক বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় প্রধান অতিথি জেলা এবং উপজেলার শ্রেষ্ঠ ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট, সনদপত্র এবং একটি করে গাছ প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অফিস চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাঠ পর্যায়ে ১১-১৩ জুলাই স্বল্প, দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে। আগামীকাল সোমবার দুপুর ১টায় হাসনা জাহান (ভান্ডারী) বালিকা বিদ্যালয়ে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175990