সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণচেষ্টায় তরুণ গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত তরুণকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৭ জুলাই বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। তারপর ১১ জুলাই রাত সাড়ে ১২টায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175970
অভিযোগ অনুযায়ী, কোচিং শেষে মাদরাসার সামনে থেকে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী শাহিন হোসেন রবিন। এর আগে, এক সপ্তাহ ধরে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত শাহিন হোসেন রবিন দাবি করেছেন, তাদের মধ্যে সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে, তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। একইসঙ্গে তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত তরুণকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।