বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লাকী খাতুন উপজেলার ভাটরা ইউনিয়নের বৃকঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী এক যুবকের সঙ্গে লাকী খাতুনের সম্পর্ক নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছিল। এ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক অশান্তির সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল জানান, ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি বগুড়া সদর থানাকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরর করা হবে। তিনি আরও জানান, মৃত্যু প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175969