প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মুন্সীগঞ্জে ৮৪২ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফলে মুন্সীগঞ্জ জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট ৮৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬১ জন এবং সাধারণ গ্রেডে ৪৮১ জন বৃত্তি পেয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভিত্তিক ফলাফলে মুন্সীগঞ্জ সদরে সর্বোচ্চ ২৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১৫ জন এবং সাধারণ গ্রেডে ১৬০ জন। এছাড়া সিরাজদিখানে ১৩৯ জন (ট্যালেন্টপুলে ৬৪, সাধারণ গ্রেডে ৭৫), শ্রীনগরে ১৩৩ জন (ট্যালেন্টপুলে ৫৫, সাধারণ গ্রেডে ৭৮), টংগিবাড়ীতে ১০৬ জন (ট্যালেন্টপুলে ৪৬, সাধারণ গ্রেডে ৬০), লৌহজংয়ে ৯৮ জন (ট্যালেন্টপুলে ৪৪, সাধারণ গ্রেডে ৫৪) এবং গজারিয়ায় ৯১ জন (ট্যালেন্টপুলে ৩৭, সাধারণ গ্রেডে ৫৪) শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এদিকে প্রকাশিত ফলাফলে জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইয়াজউদ্দিন। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মুন্সীগঞ্জ জেলায় শীর্ষস্থান অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টরা। তারা শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175961