সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি!

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার—ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটের শিকার হন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি সংঘর্ষে তার ডান চোখের ওপর আঘাত লাগে। ফলে ম্যাচ চলাকালীনই তাকে মাঠের পাশে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। খবর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।

সুইজারল্যান্ড গোল করে ম্যাচে সমতা ফেরানোর পর নির্ধারিত বিরতিতে (হাইড্রেশন ব্রেক) আর্জেন্টিনার মেডিকেল টিম দ্রুত মেসির কাছে ছুটে যায়। চিকিৎসকরা তার ডান চোখের ওপর বরফ দেন। আঘাতটি গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তাকে পর্যবেক্ষণ করা হয়। জানা যায়, সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষের সময় মেসির চোখের পাতার ওপরে কেটে যায়। তবে এই চোট তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি ম্যাচের বাকি সময় মাঠে ছিলেন এবং দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চোখে আঘাত পাওয়ার পরও নিজের স্বাভাবিক ছন্দ ধরে রাখেন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের পেছনে ছিল তার দুর্দান্ত অ্যাসিস্ট। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছান আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচে মেসিকে ঘিরে আরেকটি আলোচিত ঘটনা ছিল পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে তার কথোপকথন। একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মেসি রেফারির কাছে নিজের আপত্তি জানান। সে সময় মেসিকে বলতে শোনা যায়, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলেছি।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175911