মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেফতার
মফস্বল ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় লাকি আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম।
মামলার বাদি সাইদুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তার অভিযোগ, মেয়েকে হত্যার উদ্দেশ্যেই লাকি আক্তার তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। আমার মেয়ে সাঁতার জানে না, তবে লাকি আক্তার সাঁতার জানেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার না করলে শিশুটির মৃত্যু হতে পারত বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টায় নলছিটি পৌর ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তার কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে লাকি আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175909