অতিথিদের জন্য রান্না করতে গিয়ে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর
অতিথিদের জন্য রাতের খাবার রান্না করতে গিয়ে আর পরিবারের কাছে ফেরা হলো না রোজিনা আক্তারের। টানা বৃষ্টিতে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে রান্নাঘরেই মাটিচাপা পড়েন তিনি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যার দিকে বাড়িতে আসা অতিথিদের জন্য রাতের খাবার তৈরি করছিলেন রোজিনা। এ সময় রান্নার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তার স্বামী মুজিবুর রহমান সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বাড়ির পেছনের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে রান্নাঘরে থাকা রোজিনা মাটির নিচে চাপা পড়েন।
ঘটনার পর বাড়িতে থাকা অতিথি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম বলেন, দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। ফলে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, টানা ভারী বর্ষণের সময় পাহাড় বা পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঝুঁকি দেখা দিলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, এ নিয়ে কক্সবাজারে টানা সাত দিনের ভারী বর্ষণে পাহাড় ধসে ১৫ জন রোহিঙ্গা নাগরিকসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175883