ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কআকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনে বড় ধরনের যৌথ উদ্যোগের পথে এগোচ্ছে ভারত ও ইসরায়েল। পরিকল্পনা অনুযায়ী, ভারতের মাটিতেই স্থাপন করা হতে পারে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন লাইন। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এই উৎপাদন কার্যক্রমে যুক্ত থাকবে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ঘোষিত বিশেষ কৌশলগত অংশীদারিত্বের আওতায় দুই দেশ এখন প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতে স্থাপিত সম্ভাব্য উৎপাদন লাইন থেকে শুধু ভারতের চাহিদা পূরণ করা হবে না, অন্যান্য দেশেও টামির ইন্টারসেপ্টর রপ্তানির পরিকল্পনা রয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি প্রয়োজনের সময় ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন সক্ষমতাও নিশ্চিত করা সম্ভব হবে।

চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আরও গতিশীল হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন খাতে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, টামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে রাফায়েল। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই উদ্যোগ ভারত ও ইসরায়েলের মধ্যে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার বৃহত্তর সমঝোতার অংশ হতে পারে।

সূত্রের দাবি, চূড়ান্ত পর্যায়ে থাকা সম্ভাব্য এই কাঠামোর আওতায় যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং যুদ্ধ বা জাতীয় নিরাপত্তা সংকটের সময় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্বজুড়ে সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদাও বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভারতে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে ইন্টারসেপ্টর সরবরাহ আরও সহজ করতে পারবে রাফায়েল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন সক্ষমতাও বাড়বে।

বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর তৈরি করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের রেথিয়নের সঙ্গে যৌথভাবে একটি উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সেখান থেকে মার্কিন মেরিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175877