বেহাল সড়কে দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার চর চল্লিশসালের মানুষ

বেহাল সড়কে দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার চর চল্লিশসালের মানুষ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের দ্বিতীয় তিস্তা সেতু থেকে চর চল্লিশসাল গ্রামে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন  বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চর চল্লিশসাল গ্রামের প্রায় ১৫০টি পরিবারের কয়েক শতাধিক মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় তিস্তা সেতুর সাথে চর চল্লিশসাল গ্রামের যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম এ সড়ক। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদাপানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

একই সাথে বেহাল সড়কের কারণে চরাঞ্চলে উৎপাদিত ভুট্টা, ধান, বাদাম, বিভিন্ন মৌসুমি সবজি ও মাছসহ কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে পারছেন না কৃষকরা। এতে পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। স্থানীয় বাসিন্দা মহুবর রহমান (৬৫) বলেন, এই সড়কটি আমাদের গ্রামের একমাত্র প্রধান যোগাযোগ মাধ্যম। বহুদিন সড়কটির অবস্থা খারাপ। বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে যায়। দ্রুত সংস্কার না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। দ্রুত সংস্কার না হলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়বে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও তিনি স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ এবং জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175867