কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নদীতে কাঠ কুড়াতে গিয়ে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার চার দিন পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গজালিয়া নদী থেকে কিশোর সাজিদুল ইসলাম সাজিদের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) সকালে ঈদগাঁও উপজেলার গজালিয়া নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত সাজিদুল ইসলাম সাজিদ ঈদগড় ইউনিয়নের কোনারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। চার দিন আগে নদীতে কাঠ কুড়ানোর সময় হঠাৎ পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গত বুধবার ঈদগড় এলাকায় নদীতে কাঠ কুড়াতে গিয়ে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে যায় সাজিদ। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

তিনি আরও জানান, শনিবার সকালে ঈদগাঁওয়ের গজালিয়া নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিষয়টি ভিকটিমের পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিলেও, পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহটি নদী থেকে উদ্ধার করে রামুর ঈদগড় এলাকায় নিয়ে যান। পরে তারা মরদেহটি নিখোঁজ সাজিদের বলে শনাক্ত করেন। ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175846