শিক্ষকদের ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী
আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ গড়া সম্ভব নয়, মানসম্মত শিক্ষার অভাবই নৈতিক অবক্ষয় ও মাদক বিস্তারের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ নেই বলে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে বলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী। আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন ও মাদকের প্রসার ঘটছে।
তিনি বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। কিন্তু দক্ষ, প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকের অভাবে কাঙ্ক্ষিত শিক্ষার পরিবেশ গড়ে উঠছে না। এর নেতিবাচক প্রভাব সমাজের সর্বস্তরে পড়ছে।’
রিজভী বলেন, ‘শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি এবং পেশার প্রতি আগের মতো দায়বদ্ধতা না থাকায় শিক্ষার মান ক্রমেই কমে যাচ্ছে।
দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া কখনোই আলোকিত ও মানবিক শিক্ষার্থী তৈরি করা সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও মাঠপর্যায়ে দায়িত্বহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কর্মসূচির সুফল সাধারণ শিক্ষার্থী পর্যন্ত পৌঁছাচ্ছে না।’ বিশেষ করে স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিশুদের খাদ্য নিয়ে যারা অনিয়ম করে তারা মানবতার শত্রু।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175841