নিজের নাম থেকে বাবার পদবি মুছে দিলো নেতানিয়াহুর ছেলে

নিজের নাম থেকে বাবার পদবি মুছে দিলো নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম ও পদবি পরিবর্তন করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দেড় বছর ধরে সে সরকারি নথিতে ইয়োনাতান হান নামে নিবন্ধিত রয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ইয়োনাতান হান নাম দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার মধ্যেই নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম ও পদবি পরিবর্তন করেছে, সে বিষয়ে সে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। হারেৎজ আরও জানিয়েছে, এটি প্রথমবার নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর আগে ইয়াইর নিজেকে ইয়াইর হুন নামে পরিচয় দিয়েছিল। ‘হুন’ ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েলের পারিবারিক পদবি, যা পরে পরিবর্তন করে বেন আর্টজি রাখা হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানারও মুখোমুখি রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু পরিবারে নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইয়াইরের ভাই অ্যাভনার কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করে আভি সেগাল রাখে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, নজরদারি এড়াতে ওই নাম ব্যবহার করে সে ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল।

এ ছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০—এর দশকে যুক্তরাষ্ট্রে বসবাসের সময় বেন নিতাই নামে পরিচিত ছিল। পরে সে জানায়, সে সময় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থেকেই ওই নাম ব্যবহার করেছিল। হারেৎজের তথ্যমতে, নেতানিয়াহু পরিবারের নাম পরিবর্তনের ইতিহাস আরও পুরোনো। ১৯২০—এর দশকে পোল্যান্ড থেকে ঐতিহাসিক ফিলিস্তিনে এসে বসতি স্থাপনের পর বেঞ্জামিন নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি নিজের পদবি পরিবর্তন করে বেনজিয়ন নেতানিয়াহু রাখে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175781