পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুল ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত বকুল বকশীগঞ্জ গ্রামের আলম হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে যায় বকুল। এক সময় তীব্র স্রোতে সে নিখোঁজ হয়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলে ব্যর্থ হয়। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করে।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে এলাকাবাসীর সহায়তায় আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অনুসন্ধানের একপর্যায়ে দুপুরের দিকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175742