কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফের বন্যার আশঙ্কা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে কয়েকদিন আগের বন্যার রেশ কাটতে না কাটতেই বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি। ফের বন্যার আশঙ্কা দেখা দেয়ায় উদ্বিগ্ন তীরবর্তী মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী ইতোমধ্যে রংপুর বিভাগের দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং তা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সরেজমিন উপজেলার বামনডাঙ্গার তেলিয়ানীরকুটি, আনছারহাট, বড়মানী, সাপখাওয়া, আয়নালের ঘাট এলাকায় গত বুধবার দুপুর থেকে আজ শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বৃষ্টি না হলেও উজানের ঢলে বাড়ছে দুধকুমারের পানি। তীব্র স্রোতে তা প্রবাহিত হচ্ছে ভাটিতে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হতে পারে তীরবর্তী চরাঞ্চল ও নিম্নভূমি।
তেলিয়ানীকুটির ওসমান গণি, আব্দুল হাই জানান, গত কয়েকদিন আগের বন্যার চিহ্ন এখনও রয়েছে। এরমধ্যে আবারও যেভাবে পানি বাড়ছে তাতে নতুন করে বন্যা দেখা দিতে পারে। এতে তলিয়ে যাবে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি। ফের পানিবন্দি হয়ে পড়বে তারা।
আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডে প্রকাশিত তথ্য জানা যায়, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ০.৮৮ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নুনখাওয়া পয়েন্টে ১.৮৫ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। কোথাও কোন সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175722