‘জাযাকাল্লাহু খাইরান’-এর প্রতিউত্তরে কী বলতে হয়? জানেন কী?
প্রশ্ন: কেউ জাযাকাল্লাহু খাইরান বললে উত্তরে কী বলতে হয়?
উত্তর: কেউ ‘জাযাকাল্লাহু খাইরান’ বললে এর জবাবে আপনিও বলুন ‘জাযাকাল্লাহু খাইরান’।
হাদিসে এসেছে, একবার উসাইদ ইবনে হুযাইর (রা.) কোন এক প্রেক্ষিতে শুকরিয়াস্বরূপ রাসুলকে (সা.) বললেন, ‘জাযাকাল্লাহু খায়রান’ বা ‘জাযাকাল্লাহু আত্বইয়াবাল জাযা’ (অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন)। উত্তরে রাসুল (সা.) বললেন, ‘ফাজাযাকুমুল্লাহু খায়রান’ বা ‘ফাজাযাকাল্লাহু আত্বইয়াবাল জাযা’ (অর্থাৎ আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন) । (সহিহ ইবনে হিব্বান)
‘জাযাকাল্লাহু খাইরান’-এর উত্তরে সংক্ষেপে ‘ওয়া ইয়্যাকা’ বা ‘ওয়া ইয়্যাকুম’ও বলতে পারেন। ‘ওয়া ইয়্যাকা’ ও ‘ওয়া ইয়্যাকুম’ অর্থ ‘আপনাকেও’, অর্থাৎ আল্লাহ আপনাকেও প্রতিদান দান করুন।
কেউ কোনো অনুগ্রহ বা উপকার করলে ‘জাযাকাল্লাহু খাইরান’ (অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন) বলার প্রচলন নবীজি (সা.) ও সাহাবিদের মধ্যে ছিল যেমন ওপরের হাদিসটিতে এসেছে। অন্যান্য হাদিসে কারো অনুগ্রহের বদলায় এভাবে দোয়া করতে উৎসাহও দেওয়া হয়েছে।
হজরত উসামা ইবনে জায়েদ (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, জাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন) তাহলে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল। (সুনানে তিরমিজি)
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ যদি আপনাদের প্রতি অনুগ্রহ করে তাহলে আপনারাও অনুগ্রহ করুন। (অর্থাৎ তাকে কোনো হাদিয়া দিন) যদি কিছু দিতে না পারেন, অন্তত তার জন্য দোয়া করুন যেন সে বুঝতে পারে তার আচরণে আপনারা কৃতজ্ঞ। (সুনানে আবু দাউদ)
ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আপনারা যদি জানতেন আপনাদের ভাইদের জন্য ‘জাযাকাল্লাহু খাইরান’ বলার মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে, তাহলে একে অন্যের সঙ্গে প্রতিযোগী হয়ে বেশি বেশি ‘জাযাকাল্লাহু খাইরান’ বলতে। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ)
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175706