স্পেনে দাবানলে নিহত ১২, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, আলমেরিয়া প্রদেশের লস গালিয়ারদোস এলাকায় এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, নিহতদের কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহের মধ্যে স্পেন, ফ্রান্স ও পর্তুগালে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো এই ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা গভীরভাবে শোকাহত।
বেদার এলাকায় আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন। আহতদের মধ্যে একজনকে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে এবং আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দাবানলের কারণে কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রায় এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চলতি বছরের গ্রীষ্মে দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল মোকাবিলা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। এরই মধ্যে স্পেনের সামরিক জরুরি ইউনিট (ইউএমই) আগুন নিয়ন্ত্রণে অভিযানে যোগ দিয়েছে।
চলতি বছরের জুন মাসে স্পেনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্যব্যবস্থা-এর তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি পুড়ে যায়, যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175668