জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রশি টানাটানি চলছে: জামায়াত নেতা

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রশি টানাটানি চলছে: জামায়াত নেতা

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে বর্তমানে রাজনৈতিকভাবে ‘রশি টানাটানি’ চলছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কিছু লিখিত ও নীতিগত অগ্রগতি হলেও সেগুলো বাস্তবায়ন নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। তার ভাষায়, এই টানাপোড়েনের মধ্যেই ভবিষ্যতে কার অবস্থান শক্তিশালী, তা স্পষ্ট হবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয় ও দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করা হলেও তা এখনো কার্যকর হয়নি। একই সঙ্গে মৌলিক সংস্কারসংক্রান্ত একাধিক অধ্যাদেশ সংসদে বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংবিধান শুধু সংশোধন নয়, বরং সংস্কার করা প্রয়োজন। গণভোটের রায়ের ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, বর্তমান সংশোধন প্রক্রিয়া জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। অতীতে বিভিন্ন সাংবিধানিক সংশোধনী আদালতে বাতিল হওয়ার উদাহরণ তুলে ধরে সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত নয়। তার মতে, কার্যকর সংসদ তখনই গড়ে ওঠে, যখন সরকার ও বিরোধী দলের মতামত সমন্বয়ের মাধ্যমে জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, বর্তমান সংসদে অনেক সময় গুরুত্বপূর্ণ ইস্যুর পরিবর্তে হালকা আলোচনায় সময় ব্যয় হচ্ছে।

তিনি জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, শুধু প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের নয়, যারা নির্দেশ দিয়েছেন বা সহায়তা করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, যদি সংসদ জনগণের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175657