ইতিহাস বলছে, ম্যাচ হারলেই মারামারিতে জড়ান মিশরের কোচ

ইতিহাস বলছে, ম্যাচ হারলেই মারামারিতে জড়ান মিশরের কোচ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে পরাজয়ের পর আবারও বিতর্কের জন্ম দিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দিকে তেড়ে গেলে নিরাপত্তাকর্মী ও টিম স্টাফরা তাকে থামান। তবে এমন আচরণ তার জন্য নতুন নয়; দীর্ঘ ক্যারিয়ারে বারবার মেজাজ হারিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি।

২০১৬ সালে মিশরীয় প্রিমিয়ার লিগে আল মাসরি ও গাজল আল মহল্লার ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পরও একই ধরনের ঘটনায় আলোচনায় আসেন হোসাম হাসান। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের সময় ঘটনাস্থলের ছবি তুলছিলেন মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি ফটোগ্রাফার। ক্যামেরা নিজের দিকে তাক করা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসান।

ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি মাঠজুড়ে ওই ফটোগ্রাফারকে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে ধরে মারধর করেন এবং তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। পরে ওই সরকারি কর্মী দায়িত্ব পালনরত অবস্থায় মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে মামলা করেন।

ঘটনার পর হোসাম হাসানের পাশাপাশি তার সহকারী হাসান মুস্তাফা এবং আল মাসরির প্রশাসনিক পরিচালক ওয়ালিদ বদরকেও একই মামলায় অভিযুক্ত করা হয়। প্রসিকিউটরের নির্দেশে তিনজনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

এরও আগে, ২০০৮ সালে উত্তর আফ্রিকার ক্লাব কাপের একটি ম্যাচে আলজেরিয়ার জেএসএম বেজাইয়ার বিপক্ষে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসান মাঠেই ফোর্থ অফিশিয়ালের টেবিল-চেয়ার ভাঙচুর করেন এবং রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। ওই ঘটনার জন্য বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে।

শুধু কোচ হিসেবেই নয়, খেলোয়াড়ি জীবনেও ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ ও আগ্রাসী। মিশরের দুই ঐতিহ্যবাহী ক্লাব আল আহলি ও জামালেকের হয়ে খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়, রেফারি ও লাইন্সম্যানদের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন তিনি। লাল কার্ড দেখা কিংবা মাঠেই উত্তেজনায় জড়িয়ে পড়া ছিল তার ক্যারিয়ারের পরিচিত দৃশ্য।

২০১৬ সালের ওই ঘটনার পর মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে এবং ১০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করে। একই সঙ্গে মাঠের বিশৃঙ্খলার দায়ে আল মাসরি ক্লাবকেও ২০ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা করা হয়।

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর আবারও মেজাজ হারিয়ে আলোচনায় আসায় হোসাম হাসানের অতীতের বিতর্কিত ঘটনাগুলো নতুন করে সামনে এসেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175655