সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও

সৈয়দপুরে খেলার উপকরণ দিয়ে নারী ক্রিকেটারের পাশে ইউএনও

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়া নীলফামারীর সৈয়দপুরের প্রতিভাবান অলরাউন্ডার ক্রিকেটার সুরাইয়া আক্তারের পাশে দাঁড়িয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদে নিজস্ব কার্যালয়ে ক্রিকেটার সুরাইয়ার হাতে অনুশীলনের জন্য প্যাড, হ্যান্ড গ্লোবস্, হেলমেটসহ অন্যান্য উপকরণ তুলে দেন তিনি (ইউএনও)। এসময় উপস্থিত ছিলেন, জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকী, ক্রীড়া সংগঠক এহতেশামুল হক সানি প্রমুখ।  জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার অধিবাসী প্রতিভাবান ক্রিকেটার সুরাইয়া আক্তার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই সে সাবেক জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও নতুন কুঁড়ি স্পোর্টসের নীলফামারী জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকীর সিটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিতে ভর্তি হয়। একপর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেটে সৈয়দপুর উপজেলা হয়ে জেলা পর্যায়ে অংশ নেয় সুরাইয়া। এসময় বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নীলফামারী জেলা দলে খেলার সুযোগ পায় সে। পরে জেলা দলের হয়ে বিভাগীয় পর্যায়ে তার নজরকাড়া অলরাউন্ডিং নৈপুণ্যে তাকে বিভাগীয় দলের চূড়ান্ত ১৪ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সুরাইয়ার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিভাগীয় দলে সুযোগ পাওয়ার পর নিয়মিত অনুশীলন করা নিয়ে চিন্তিত ছিল সে। কারণ অনুশীলনের জন্য তার প্রয়োজনীয় উপকরণ ছিল না। পরে শুভাকাঙক্ষীদের পরামর্শে খেলার উপকরণ চেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বরাবরে একটি আবেদন করে। পরে ইউএনও ক্রিকেটার সুরাইয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া উপকরণ প্রদান করেন। সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের হয়ে আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তার সফলতা কামনা করি। সুরাইয়া ভালো খেলে রংপুর বিভাগীয় দলকে বিজয়ী করে সৈয়দপুরের সুনাম বাড়িয়ে দিবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175646