পাকিস্তানে ভয়াবহ হামলায় ৩৯ সেনা ও পুলিশ সদস্যসহ নিহত ৪২ 

পাকিস্তানে ভয়াবহ হামলায় ৩৯ সেনা ও পুলিশ সদস্যসহ নিহত ৪২ 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১১ জন সেনাসদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 

গত বুধবার (৮ জুলাই) এক টেলিভিশন সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, বেলুচিস্তান প্রদেশে সংঘটিত সর্বশেষ এই হামলাগুলোর পর সোমবার (৬ জুলাই) থেকে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, হতাহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা বাহিনীও বিভিন্ন অভিযানে ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই হামলার পেছনে ‘অনেক আফগান নাগরিক’ জড়িত ছিল দাবি করে এই জেনারেল যোগ করেন, ‘আমরা আপনাদের (সন্ত্রাসীদের) তাড়া করব, আমরা আপনাদের আঘাত করব।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা প্রতিটি সন্ত্রাসী, তাদের সহায়তাকারী, আশ্রয়দাতা, লালন-পালনকারী এবং যারা তাদের ঘাঁটি সরবরাহ করছে, তারা যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সোমবার অপহরণ করা হয়েছিল। বেলুচিস্তানের জিয়ারত জেলায় অবস্থিত বৃহৎ মাঙ্গি বাঁধ প্রকল্প পাহারারত অবস্থায় সন্ত্রাসীদের হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তারা। ওই হামলায় আরও নয়জন কর্মকর্তা নিহত হন।

এরপর বুধবার বেলুচিস্তানের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা একটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে ১১ জন সেনাসদস্য নিহত হন বলে জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175610