ছিনতাই সমাজের ভয়ংকর বাস্তবতা

ছিনতাই সমাজের ভয়ংকর বাস্তবতা

ছিনতাই একটি ভয়াবহ অপরাধ, যা আমাদের সমাজে নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ সৃষ্টি করে। এটি একটি অপরাধী কর্মকান্ড যেখানে এক ব্যক্তি বা গ্রুপ, অন্য একটি ব্যক্তির মূল্যবান বস্তু, যেমন টাকা, মোবাইল, ব্যাগ ইত্যাদি ছিনতাই করে। ছিনতাইয়ের ঘটনা কেবল আর্থিক ক্ষতি সৃষ্টি করে না, বরং শিকারী ব্যক্তির শারীরিক ও মানসিকভাবে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়। শহর কিংবা গ্রাম প্রতিটি জায়গাতেই এই অপরাধ সংঘটিত হতে দেখা যায়। দিন দিন এই অপরাধের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের সমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারী চক্র। ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের ৪৩২টি হটস্পট চিহ্নিত হয়েছে। এসব স্থানে সক্রিয় ১২শ ছিনতাইকারী। বিশেষ করে বনশ্রী, মোহাম্মদপুর, খিলগাঁও, হাতিরঝিল, হাজারীবাগ, মিরপুর, যাত্রাবাড়ী, মুগদা, সবুজবাগ, ধানমন্ডি, রামপুরা ও বাড্ডা এমনকি গুলশানসহ প্রায় সব এলাকাতেই ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। দিনের বেলায় প্রকাশ্যে ঘটছে এসব ঘটনা, সন্ধ্যা নামতেই আরও বেপরোয়া হয়ে উঠছে ছিনতাই চক্রের সদস্যরা। রাতের আলো ঝলমলে রাস্তায় জনসমক্ষে পিস্তল, রিভলবার বের করে গুলি চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লুটে নেওয়া হচ্ছে স্বর্ণালংকার, টাকা। এছাড়া বাস, সিএনজি, মোটরসাইকেল আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটপাট করে নিচ্ছে। বাদ যাচ্ছে না সাধারণ পথচারীরাও। গত কয়েক দিনের চিত্রে দেখা যায় বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট, আদাবর ও মোহাম্মদপুরে পৃথক ছিনতাইসহ একাধিক ঘটনা। এসব ঘটনায় প্রায়ই গুরুতর আহত এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটছে। নগরবাসীর জন্য রাজধানীতে রাতের বেলা চলাফেরা করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

ছিনতাইয়ের পেছনে মূলত সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে নানা কারণ কাজ করে। দারিদ্র্য ও বেকারত্বের কারণে অনেকেই জীবিকার তাগিদে অপরাধের সঙ্গে লিপ্ত হয়ে পড়ে। একই সঙ্গে, মাদকাসক্তির জন্য দ্রুত অর্থ প্রাপ্তির আশায় অনেকেই এই অপরাধের দিকে ঝুঁকে পড়ে। আইনের দুর্বলতা ও কঠোর শাস্তির অভাবে অপরাধীরা সহজেই ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে পারেন, যা অপরাধ পুনরাবৃত্তির প্রবণতাকে ত্বরান্বিত করে। এছাড়া শহুরে ব্যস্ততা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবও ছিনতাইকারীদের জন্য সুযোগ সৃষ্টি করে, কারণ মানুষের অবহেলা ও অসতর্কতা তাদের অপরাধ করার পরিবেশ সহজ করে তোলে। উপরন্তু, সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের অভাব তরুণ সমাজকে এই পথের দিকে ধাবিত করতে পারে, যেখানে পরিবার ও সমাজের অবহেলা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করে। 

ছিনতাই ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি সামগ্রিক সমাজ ব্যবস্থায় গভীর নেতিবাচক প্রভাব ফেলে। এটি মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, বিশেষ করে নগরজীবনে পথচারীরা ভয় ও শঙ্কার মধ্যে চলাফেরা করেন। শহরের নিরাপত্তার প্রতি আস্থা কমে গেলে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে, যা অর্থনীতিকে দুর্বল করে তোলে। বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতা অনুভব করায় দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগে স্থবিরতা দেখা দেয়। অপরাধীরা যদি বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে, তবে সাধারণ মানুষের আইনের শাসনের প্রতি বিশ্বাস কমে যায় এবং সমাজে হতাশা সৃষ্টি হয়। ছিনতাইয়ের সময় শারীরিক আঘাত পাওয়ার পাশাপাশি ভুক্তভোগীরা মানসিক ট্রমারও শিকার হন, যা দীর্ঘমেয়াদে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে।

ছিনতাই প্রতিরোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশি টহল বৃদ্ধি এবং জনসমাগমস্থলে নিরাপত্তা কর্মী নিয়োগ করা জরুরি। দরিদ্র ও বেকার জনগণের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে। পাশাপাশি, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা চালানো এবং স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যেতে পারে। জনগণের সহায়তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা দরকার।এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে স্মার্টফোনের মাধ্যমে জরুরি সাহায্যের জন্য বিশেষ অ্যাপ চালু করা হলে বিপদের মুহূর্তে পুলিশের কাছে সংকেত পাঠানো সহজ হবে। এই সমন্বিত পদক্ষেপগুলো গ্রহণ করলে সমাজে ছিনতাই রোধ করা সম্ভব হবে।

সর্বোপরি, ছিনতাই সমাজের জন্য একটি বড় হুমকি, এটি মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এটি রোধে কঠোর আইন প্রয়োগ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ছিনতাইসহ সব ধরনের অপরাধ ও নৈরাজ্যকর পরিস্থিতি নিরসনে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নেবে- এটাই প্রত্যাশা। 

লেখক :

মিশকাতুল ইসলাম মুমু

শিক্ষার্থী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175603