চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় করা মামলায় মিতালী খাতুন নামের এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
 
গ্রেপ্তার মিতালী খাতুন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী।
 
মামলা সূত্র জানায়, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলার সময় কানে হাত দেয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। বিষয়টি জানতে পেরে দুপুরে ওই ছাত্রীর অভিভাবক সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে যান। এ সময় ওই ছাত্রীকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে তার বাবা শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। রাতে বাদী হয়ে থানায় মামলা করেন ওই প্রধান শিক্ষিকা।
 
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তার স্বামী শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175585