মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি, বন্যার আশঙ্কা

মৌলভীবাজারে বিপদসীমার উপরে দুই নদের পানি, বন্যার আশঙ্কা

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বুধবার (৮ জুলাই) রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার মনু নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার এবং ধলাই নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে বুধবার রাত প্রায় ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় ধলাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছিল ৯১ মিলিমিটার বৃষ্টি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীগুলোর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিতে পারে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ জানান, বুধবার রাত পর্যন্ত মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদীর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তিনি বলেন, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175555