নওগাঁর নিয়ামতপুরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু শয্যায়
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একজন ভূয়া ডাক্তারের ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর পেটের নাড়ি ছিঁড়ে যাওয়ায় মৃত্যু শয্যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা ডাক্তারের কাছে কোন সমাধান না পাওয়ায় প্রসূতির ভাই মো: সাগর আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রসূতি উপজেলার হাজিনগর ইউনিয়নের নুরপুর গ্রামের নাজমুলের স্ত্রী মর্জিনা খাতুন। দেড় মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা খাতুন শারীরিকভাবে অসুস্থ হলে গতকাল মঙ্গলবার উপজেলার টিএলবি বাজারে অবস্থিত মেসার্স জেসমিন ফার্মেসীর স্বত্বাধকারী হাতুড়ে ডাক্তার উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে মো: আলাউদ্দিনের কাছে আসেন।
প্রসূতি ও তার স্বামী আর্থিকভাবে সংকটে থাকায় সন্তান না নেওয়ার কথা ডাক্তারকে বললে, ডাক্তার প্রসূতিকে কোন প্রকার প্রতিকারের কথা না বলে নিজ হাতে ৩টি ওষুধ খাইয়ে দেন এবং আরো ৪টি ওষুধ দেন সকালে খাওয়ার জন্য। এতে প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে প্রসূতির স্বামী প্রসূতিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বলেন, ভুল চিকিৎসার কারণে প্রসূতির নাড়ি ছিঁড়ে গেছে। বর্তমানে প্রসূতি মৃত্যুর সাথে লড়াই করছেন। এ বিষয়ে অভিযুক্ত ডা: আলাউদ্দিন বলেন, প্রসূতি আমার কাছে এসেছিল। কিন্তু আমি কোন চিকিৎসা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বলি।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175531