বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের অভিযান

বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের অভিযান

বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় পাহাড়ধসের কারণে ৩টি বাড়ি ধসে গেছে। অতিবৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে এই বাড়িগুলো ধসে পড়ে।

তবে ধসে পড়া বাড়িতে কোনো মানুষের অবস্থান না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।তবে পাহাড়ধসে মাটি বাড়ির ওপর পড়ায় ওই এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।

বৃষ্টি অব্যাহত থাকলে আশপাশে আরও বাড়ি ধসে যাওয়ায় আশঙ্কা রয়েছে।

এদিকে আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ৩টি বাড়ি ধসে পড়ার সংবাদ পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে কালাঘাটা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে প্রশাসনের অভিযান শুরু হয়েছে।

এসময় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৭টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাসান শাহরিয়ার।
 
তিনি জানান, বান্দরবানের ৯টি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর যেহেতু ভারী বৃষ্টিপাত আর বর্ষণ অব্যাহত রয়েছে সেহেতু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়া উচিত। তিনি আরও জানান, আমরা মাইকিং করে সবাইকে সচেতন করছি এবং ঝুঁকিপূর্ণস্থান থেকে সরে পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় জন্য আহ্বান জানাচ্ছি।

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, তথ্য অফিস, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175500