বগুড়ায় মঙ্গলবার আসছেন পাটওয়ারী-সারজিস

বগুড়ায় মঙ্গলবার আসছেন পাটওয়ারী-সারজিস

শহর প্রতিনিধি (বগুড়া) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের বগুড়ায় আগমনের তথ্যটি নিশ্চিত করেন দলটির বগুড়া জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব এড. আল-ওয়াসি জীম। তিনি বলেন, আগামী ১৪ তারিখ মঙ্গলবার বগুড়া সদরে পদযাত্রা করবেন নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ জুলাই) বগুড়ায় অবস্থান করার পরিকল্পনা রয়েছে তাদের। নওগাঁ থেকে দুঁপচাঁচিয়া হয়ে মাটিডালী থেকে বগুড়া মহানগরের কালিতলা থেকে জুলাই পদযাত্রা শুরু করবেন তারা। মহানগরের কাঁঠালতলা মোড় হয়ে নবাববাড়ী সড়ক দিয়ে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে এসে সমাবেশের মাধ্যমে তাদের পদযাত্রা সমাপ্ত হবে। এছাড়াও কেন্দ্রীয় সাংগাঠনিক সমন্বয়ক ইমরান ইমাম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীও উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন। 

বগুড়ায় পদযাত্রা শেষে নাসির উদ্দীন পাটওয়ারী এবং সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মোকমতলা হয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানেও তারা জুলাই পদযাত্রায় অংশ নেবেন। বগুড়া জেলার এই নেতা আরও বলেন, জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রার্থী ও জনসাধারণের সাথে তাদের পরিচয় করিয়েও দেবেন তারা এই কর্মসূচীর মাধ্যমে।  এই কর্মসূচী সফল করতে এবং কর্মপদ্ধতি নির্ধারণ, বাস্তবায়ন কমিটি গঠন নিয়ে অচিরেই তারা একটি প্রস্তুতি সভাও করবেন বলে জানিয়েছেন তিনি। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175452