বগুড়ার কাহালুতে বেত্রাঘাতের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার কাহালুতে বেত্রাঘাতের ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আকতারের বিরুদ্ধে ওই শ্রেণির ১০ জন শিক্ষার্থী সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করছে। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করে তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য তিন সদস্যর একটি কমিটি গঠন করে দিয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের ৫ম শ্রেণির কক্ষে শিক্ষার্থীদের প্রধান শিক্ষক বেত্রাঘাত করেন। এ ঘটনার পরপরই ১০ জন শিক্ষার্থী সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী অফিসারের কাছে তাদের লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মলিহা খানম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলামকে আহ্বায়ক করে  তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টেরভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তদন্ত কমিটিতে অপর দুই সদস্য হিসেবে রয়েছেন-একজন মেডিকেল অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।

এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পাঠদান থেকে শুরু করে সব ক্ষেত্রে সরকারি নিয়মনীতি অনুসরণ করে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিগত দিনের তুলনায় বর্তমানে বিদ্যালয়ে পড়াশুনার মান বেশকিছু উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে গতকাল সোমবারের বেত্রাঘাতের ঘটনার বিষয়ে তিনি বলেন, পড়াশুনার বিষয়ে ৫ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে তিনি হালকাভাবে শাসন করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175393