বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় নারীর জেল জরিমানা
কোর্ট রিপোর্টার : ধারের টাকা পরিশোধের জন্য পাওনাদারকে প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখ্যানের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে অভিযুক্ত আসামি জাকিয়া হোসেনকে এক বছরের সশ্রম কারাদন্ড এবং চেকের সমপরিমাণ ১১ লাখ ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
তিনি বগুড়া মহানগরীর গোহাইল রোডের আব্দুল মজিদ খন্দকারের মেয়ে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক আহসান হাবিব এই মামলার রায় দেন।
বগুড়া মহানগরীর খান্দারের শাজাহান হকের মেয়ে শামিমা হক শাপলার দায়েরকৃত মামলার অভিযোগে উল্লেখ করেন, তার কাছ থেকে ১১ লাখ ৭৫ হাজার টাকা আসামি জাকিয়া হোসেন ধার হিসেবে গ্রহণ করেন। ধারের ওই টাকা পরিশোধের জন্য জাকিয়া হোসেন তার নামীয় ব্যাংক হিসেবের ১১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের একটি ব্যাংক চেক পাওনাদার শামিমা হক শাপলা বরাবর প্রদান করেন।
শাপলা ব্যাংক চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যান হয়। পরে শাপলা ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়র করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. নাজমুল হক পপন এবং আসামি পক্ষে এড. আবু বক্কর সিদ্দিক (৩)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175385