দায়িত্ব গ্রহণের ৮ মাসের মাথায় মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ
সরকারপ্রধান হিসেবে মাত্র আট মাস দায়িত্ব পালনের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতেয়ানু। আজ মঙ্গলবার পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু নিশ্চিত করেছেন এ তথ্য।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মায়া সান্দু জানিয়েছেন, মলদোভার ইউরোপীয় ইউনিয়ন-পন্থি যাত্রা অব্যাহত রাখতে দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।
মুনতেয়ানু আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেয়ায় তার মন্ত্রিসভারও পতন ঘটেছে। প্রেসিডেন্ট মায়া সান্দুর ইউরোপ-পন্থি দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) জেতায় ২০২৫ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হন আলেক্সান্দ্রু মুনতেয়ানু।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ৬২ বছর বয়সি মুনতেয়ানু বলেন, “আমি খুব দায়িত্ববোধ ও দৃঢ় বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তাব মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারবো। (কিন্তু) যখনই অনুভব করেছি, নীতি ও বিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে আর আমার দায়িত্ব পালন করতে পারছি না, তখনই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
প্রেসিডেন্ট সান্দু ইতিমধ্যে পদত্যাগপত্র গ্রহণ করে ‘জটিল সময়ে' দেশকে নেতৃত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুনতেয়ানুকে। তবে সঙ্গে এ-ও বলেছেন, তিনি আশা করেছিলেন প্রধানমন্ত্রী “জটিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরো বেশি সম্পৃক্ত থাকবেন এবং জনগণের কথা শোনার বিষয়ে আরো উন্মুক্ত মনোভাব দেখাবেন।”
মুনতেয়ানুর কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার প্রেসিডেন্ট সান্দু সাংবাদিকদের বলেন, “তিনি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন এবং তাকে তা করতে দেওয়া হয়নি—এমন জল্পনা মিথ্যা। সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজের বিবেচনা অনুযায়ী কাজ করার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন।”
তিনি জানান, খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে। তার আগে বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে আলোচনার সময় পর্যন্ত মুনতেয়ানু অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু বলেন, “মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা এবং দেশকে সহায়তা করার ক্ষেত্রে সফল হওয়া আমাদের আবশ্যিক দায়িত্ব।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175355