বগুড়ার দুপচাঁচিয়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫ মাদকসেবীর কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৫ মাদকসেবীর প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছে। অনাদায়ে আরো ১০ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন বিকেল ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহ্রুখ খান পুলিশ ফোর্সসহ উপজেলা সদরের সঞ্জয়পুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধাপ সুখানগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৩২),বড়ধাপ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল জলিল (৫০), সঞ্জয়পুর গ্রামের শাহীনুর প্রামানিকের ছেলে ফাইম প্রামানিক (২৮), রিয়াজুলের ছেলে হোসাইন (২৫) ও শরিফ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম সৈকত (৩৩), কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগে তাদেরকে উক্ত দন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত আসামিদের গতকাল সোমবার বগুড়া হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175331