খুলনায় ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৮
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ট্রাক ও দুটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাপস হোর (৬০), পিতা- মৃত বিনোদর হোর, গ্রামের বাড়ি হরিদাসকাটি, পাইকগাছা, খুলনা এবং দিদার আহমেদ (৪৫), পিতা- শেখ ওবাইদুর, গ্রামের বাড়ি সোনাতনকাটি, পাইকগাছা, খুলনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০৯১২) খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি ইজিবাইক ট্রাক ও প্রথম ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই এক ইজিবাইক চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আরও ৭ থেকে ৮ জন আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, মহাসড়কটির এক পাশ লবণচরা থানা এবং অপর পাশ হরিণটানা থানার আওতাভুক্ত।
এ ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175305