সৌদি আরবের ভিসা নিয়ে সুখবর
আন্তর্জাতিক ডেস্ক : পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে সৌদি আরব একটি প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে দর্শনার্থীরা ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ-সম্পর্কিত পরিষেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজে পর্যটন ভিসা নিতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ পরিষেবা চালু করা হচ্ছে।
ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্যাকেজে যাওয়া-আসার বিমানভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া দর্শনার্থীরা নিজেদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি ও পর্যটন-অভিজ্ঞতা যুক্ত করতে পারবেন। এতে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।
শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবার ব্যবস্থা থাকা অনুমোদিত এজেন্সিগুলো এ ধরনের পরিষেবা দিতে পারবে।
গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে প্যাকেজ ভিসা চালু করা হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটকদের জন্য ই-ভিসা কর্মসূচি চালুর পর থেকে সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ বেশ কিছু নমনীয় প্রবেশব্যবস্থা চালু করেছে। এসব পদক্ষেপের ফলে দেশটির পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে। ২০২৫ সালে দেশটি ২৯ মিলিয়নেরও বেশি পর্যটককে আকর্ষণ করেছে।
সূত্র; গালফ নিউজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175293