টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরে কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম, ময়মনসিংহের কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে শামছুল হক। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্র দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তিনি আরও জানান, বিচার শেষে আদালত প্রধান আসামি আব্দুর রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়াও অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি এবং সামছুল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175291