‘তিলোত্তমা বগুড়ার সর্বক্ষেত্রে উন্নয়নে শরিক হতে চায় জেলা পরিষদ’
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আজ মঙ্গলবার (৭জুলাই) সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। মতবিনিময়কালে তিনি বলেন, বগুড়া মহানগর শুধু নয় সমগ্র জেলায় সার্বিক উন্নয়নে অংশীজন হতে চায় জেলা পরিষদ। পিছিয়ে পড়া তিলোত্তমা বগুড়াকে এগিয়ে নেয়ার জন্য সংসদ সদস্য, প্রতিমন্ত্রীরা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন সেই সাথে এই মাটির জন্যও কাজ করছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জেলা পরিষদ হাজারও ধরনের কাজ করে। ভুল হলে সমালোচনা করুন, কিন্তু তা যেনো সত্য ও সঠিক হয়। আপনাদের অসত্য বা ভুল তথ্য উপস্থাপনে জনপ্রতিনিধিরা যেন মানহানির শিকার না হন। এসময় তিনি আরও জানান, বগুড়া জেলা পরিষদ একটি সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান। সাংবাদিকতা পেশাকে অত্যন্ত সম্মানজনক, নিবেদিতপ্রাণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের পাশে জেলা পরিষদ থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন দৈনিক মুক্তবার্তার সাংবাদিক আকরাম বিন হামিদ। বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সভাটি পরিচালনাকালে বলেন, সাংবাদিক সমাজের ভূমিকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত ১৭ বছরের অবহেলিত, বঞ্চিত বগুড়াকে কেবলমাত্র যদি তার না পাওয়া উন্নয়ন পরিশোধ করা হয় তাহলেই চলবে। পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীসহ প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা যেনো অপতথ্য ছড়িয়ে এই উন্নয়ন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে সাংবাদিকমহলকে সজাগ দৃষ্টি রেখে সঠিক উন্নয়ন তথ্য পরিবেশন ও অপতথ্য রুখতে হবে।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু তার বক্তব্যে, জেলা পরিষদের প্রশাসকের সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অবশিষ্ট প্রেস ক্লাব সদস্য সাংবাদিকদের জন্য আরও সহায়তা কামনা করেন। শেষে সাংবাদিকদের মাঝে জেলা পরিষদের অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। বগুড়া প্রেস ক্লাবের সদস্য ৩০ সাংবাদিকের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তার খাম প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175279