আরেকটি ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি
স্পোর্টস ডেস্ক : চলতি ফিফা বিশ্বকাপে মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি। শেষ ১৬-র ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসের অভিজাত এক ক্লাবে প্রবেশ করবেন মেসি। মিশরের বিপক্ষে জাল খুঁজে পেলে মেসি হবেন বিশ্বকাপের ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখাবেন।
এর আগে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কেবল জাস্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জাইরজিনহো (ব্রাজিল, ১৯৭০), গের্ড মুলার (জার্মানি, ১৯৭০), রিভালদো (ব্রাজিল, ২০০২) এবং হামেস রদ্রিগেস (কলম্বিয়া, ২০১৪)। নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই গোল করেছেন। একই সঙ্গে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়েও তিনি সবার সামনে আছেন। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড প্রত্যেকেই ৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। ৬ গোল নিয়ে তাদের ঠিক পেছনেই আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ইতিমধ্যেই বেশকিছু রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে মেসির মোট গোলে অবদান এখন ১২টি (৬ গোল ও ৬ অ্যাসিস্ট)। যা রেকর্ড সংরক্ষণের পর (১৯৬৬) থেকে সর্বোচ্চ। এতদিন ১১ গোলে অবদান রেখে পেলে ও কিলিয়ান এমবাপের সমান ছিলেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপে নিজের খেলা শেষ টানা ৮টি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন মেসি। আর কারও টানা ৬ ম্যাচের বেশি গোলের রেকর্ড নেই। মেগা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও এখন এককভাবে মেসির (২০ গোল)। ১৯ গোল নিয়ে তার পেছনে আছেন এমবাপ্পে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা-মিশরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের জয়ী দল রোববার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার মুখোমুখি হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175276