দুর্ধর্ষ ‘মুসা’ ডাকাত গ্রেফতার

দুর্ধর্ষ ‘মুসা’ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিশেষ অভিযানে মোশারফ হোসেন ওরফে মুসা (৪০) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।

শনিবার রাতে সিংগাইর থানা ও বাঘুলী তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুসা ওই গ্রামের আদম আলী ওরফে নাছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মুসার বিরুদ্ধে সিংগাইর থানায় ১০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মুসার বিরুদ্ধে সিংগাইর থানাসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175258