তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর আহ্বান

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বা এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিক্রি না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, এ ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ হলেও বর্তমান সরকারের অধীনে ভুল পথে পরিচালিত হচ্ছে। তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সমালোচনা করে বলেন, তিনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন এবং সাইপ্রাসের একাংশ দখল করে রেখেছেন।

নেতানিয়াহুর ভাষ্য, তুরস্ককে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দেওয়া হলে তা ইসরায়েলের আকাশসীমায় কৌশলগত শ্রেষ্ঠত্ব এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের জন্যও ঝুঁকি তৈরি করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোমবার আঙ্কারা সফরের কথা রয়েছে। সেখানে তিনি ন্যাটোর একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এই সফরকে ঘিরে তুরস্কের সঙ্গে অস্ত্রসংক্রান্ত কোনো বড় চুক্তি হতে পারে বলে আলোচনা চলছে।

এর আগে গত মাসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তুরস্ককে এফ-১১০ জেট ইঞ্জিন সরবরাহ এবং দেশটিকে পুনরায় এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

বিশ্লেষকদের মতে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান ‘কান’-এর জন্য মার্কিন ইঞ্জিনের ওপর নির্ভর করতে চায় তুরস্ক। ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ওয়াশিংটন তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করেছিল। এরপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক সক্ষমতা বাড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

সম্প্রতি ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর প্রকাশিত হলেও নেতানিয়াহু তা নাকচ করে দেন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের ‘সেরা মিত্র’ হিসেবে উল্লেখ করে বলেন, ছোটখাটো মতপার্থক্য থাকলেও উভয় দেশ খোলামেলা আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করে।

নেতানিয়াহুর এই অবস্থান এবং ট্রাম্পের আঙ্কারা সফরকে ঘিরে তুরস্কের সঙ্গে সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175254