জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার
স্পোর্টস : মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে জয়োৎসবের মাঝেই দুঃসংবাদ পেয়েছে দলটি। উদযাপনের সময় চোট পেয়ে কবজি ভেঙে গেছে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের। ফলে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি।
শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে সমর্থকদের সামনে জয় উদযাপন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন হেন্ডারসন।
রেফারির শেষ বাঁশি বাজার পর উদযাপনের সময় বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে আসেন। তাকে অক্সিজেন দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়।
ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বিবিসিকে বলেন, ‘ও কিছুটা সমস্যায় আছে। তবে আমাদের মেডিকেল দল পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। আসলে কী হয়েছে, তা আমি পুরোপুরি জানি না। তাই বেশি কিছু বলা ঠিক হবে না। সবাই ওর পাশে ছিল, আর সেটাই ছিল দেখার মতো সুন্দর একটি মুহূর্ত।’
পরে নিশ্চিত হওয়া যায়, হেন্ডারসনের কবজি ভেঙে গেছে। এই চোটের কারণে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার।
চলতি আসরে খুব বেশি খেলার সুযোগ পাননি সাবেক লিভারপুল অধিনায়ক। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ম্যাচে ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে প্রথমবার মাঠে নামেন তিনি। আর মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো সময় বেঞ্চেই ছিলেন। তবে ম্যাচ চলাকালে টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175252