নওগাঁর ধামইরহাট মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন (পাগল) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। জানা যায়, আজ সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধানতাড়া এলাকায় লোকজন রাস্তার পাশে একটি যাত্রী ছাউনিতে মৃত অবস্থায় দেখতে পেয়ে ধামইরহাট থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175243