পল্লী উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে যেতে হবে : রেজাউল করিম বাদশা এমপি

পল্লী উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে যেতে হবে : রেজাউল করিম বাদশা এমপি

স্টাফ রিপোর্টার: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বগুড়ার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে যেতে হবে।

ধীরে ধীরে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ অন্যান্য সুবিধা ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছেন। পর্যায়ক্রমে সবাই পাবেন। দীর্ঘ ১৭ বছর বগুড়া ছিল উন্নয়ন বঞ্চিত।

এই বঞ্চিত বগুড়ার উন্নয়নেও সরকার কাজ করছে। আজ সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের বটতলা থেকে র‌্যালিটি বের হয়ে মহানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বগুড়ার উপ-পরিচালক মাহফুজুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বিআরডিবি বগুড়া কোতোয়ালী ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান জয়নাল আবেদীন চাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি বগুড়া কোতোয়ালী ইউসিসিএ লিঃ এর সহ-সভাপতি শাহ জামাল হোসেন (জামাল), ইতি খাতুন। এ অনুষ্ঠানে একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175237