বগুড়া মহানগরে তিন প্রতিষ্ঠানের ২০ টাকা হাজার জরিমানা

বগুড়া মহানগরে তিন প্রতিষ্ঠানের ২০ টাকা হাজার জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বগুড়া সিটি প্রশাসন। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে অভিযানকালে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

একই সঙ্গে পচা ও বাসি খাবার সংরক্ষণ, মূল্যতালিকা না টানানো, ট্রেড লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুনের নেতৃত্বে এদিন শহরের সাতমাথা, থানা মোড়, ১নং রেল ঘুমটি, চাঁদনীবাজার, রাজাবাজার, ফতেহ আলী ব্রিজ, গালাপট্টি ও হোটেলপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ফতেহ আলী বাজারের প্রিয়াঙ্কা দই ঘরে বাসি ও পচা রসমালাই সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের ফতেহ আলী ফুড গার্ডেনে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণের দায়ে পাঁচ হাজার টাকা এবং শহরের হোটেল পট্টির কাফেলা হোটেলের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সিটি সচিব পপি খাতুন বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ ও তদারকি কার্যক্রম নিয়মিত চলবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা কাঁচা ফল ও সবজি তালিকা করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। পাশাপাশি অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175218