বগুড়ার শিবগঞ্জে রাইসমিল মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ৩টি ট্রান্সফর্মার চুরি

বগুড়ার শিবগঞ্জে রাইসমিল মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, ৩টি ট্রান্সফর্মার চুরি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার শিবগঞ্জের পল্লীতে রাইস মিল মালিক মোহাম্মদ আলী (৭০)কে হত্যা করে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কিচক ইউনিয়নের  ফুলতলা এলাকায় অবস্থিত ওই মিল ঘর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত মোহাম্মদ আলী ফেনিগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দীনের ছেলে। পুলিশের ধারনা ট্রান্সফর্মার চুরি করতে এসে রোববার দিবাগত রাতের যেকোন সময় তাকে হত্যা করা হয়। জানা গেছে, সোমবাব সকালে ডাবইর এলাকার এক ব্যক্তি মিলে মরিচ ভাঙ্গাতে এসে তাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে নিহতের পরিবারকে জানালে বাড়ীর লোকজন এসে মিল ঘরের চৌকির উপর হাত,পা, মুখ, বাঁধা ও মাথার পিছনে রক্তাক্ত জখম লাশ দেখতে পায়।

এসময় মিলের পিছন দিকের দরজা খোলা এবং রাইসমিলের ট্রান্সফর্মার ভাংচুর অবস্থায় পড়েছিল। শিবগঞ্জ থানার ওসি মো.শাহীনুজ্জামান বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে পরে তার মাথায় আঘাত করে হত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যার ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/175206